স্মৃতিতে অম্লান বেনাপোল ট্রাজেডি
পিকনিকের বাস পুকুরে পড়ে নয় শিশু শিক্ষার্থীর মৃত্যুর দিনটি স্মরণ করেছে আত্মীয়-স্বজনসহ বেনাপোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার বেলা সোয়া ১১টায় সর্বস্তরের মানুষ ওই শিশুদের স্মৃতিস্তম্ভে ফুল দেয়। বেনাপোল পৌরসভা বিদ্যালয়ের সামনে স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছে।
এছাড়া বিদ্যালয় মাঠে তাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্মরণসভায় নিহত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা উপস্থিত হওয়ায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী শিশুবন্ধু ও মা-বাবারা পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
বেনাপোল পৌরসভা মেয়র আশরাফুল আলম লিটনও স্মরণসভায় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সাত শিক্ষার্থী ঘটনাস্থলে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। নিহত সাতজনের বাড়ি বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন জানান, ওই দুর্ঘটনায় নিহত হয় পৌরসভার ছোট আঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণির সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলির ছেলে পঞ্চম শ্রেণির শান্ত, ইউনূস আলির মেয়ে পঞ্চম শ্রেণির মিথিলা, কালু মিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির রুনা, গাজীপুরের সেকেন্দার আলীর ছেলে চতুর্থ শ্রেণির সাব্বির হোসেন ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণির আঁখি।
ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২ ফেব্রুয়ারি মনিরুল ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির একরামুল ও ১৯ মার্চ ইমানুর রহমানের ছেলে পঞ্চম শ্রেণির ইয়ানুরের মৃত্যু হয়।
