কুবি বাসে হামলা: মহাসড়ক আটকে বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে ‘সন্ত্রাসী’ হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
তাদের অবরোধের কারণে সোমবার বেলা ১১টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত ব্যস্ত এ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে; দুই পাশে আটকা পড়ে শতাধিক বাহন।
পরে দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বলে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ জানান।
শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাওয়ার পর বেলা ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হলেও আটকে থাকা গাড়ির চাপে বাহনগুলো ধীরগতিতে চলছে বলে আলী আশরাফ জানান।
শিক্ষার্থীরা জানান, রোববার সন্ধ্যায় কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর বাসে হামলা চালায় একদল যুবক। অন্তত ৩০ জন হামলাকারী বাস আটকে ভেতরে ঢুকে এলাপাতাড়ি কিল-ঘুষি মারে ও রড দিয়ে ছাত্র-ছাত্রীদের পেটায়।
এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে আক্তারুজ্জামান নামের একজনের অবস্থা গুরুতর।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সোমবার সকালে বিক্ষোভ শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
স্থানীয়রা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১১টার দিকে শত শত শিক্ষার্থী মহাসড়কের বিশ্বরোড এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি সামাল দিতে শতাধিক পুলিশ সদস্যও কিছুটা দূরে অবস্থান নেন।
হামলাকারীদের গ্রেপ্তারের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বলে এই ছাত্রনেতা জানান।
অবরোধ চলার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
পরে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বুঝিয়ে সরিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীদের শান্ত করা হয়েছে। জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে।”
