শাহরাস্তি ও চরফ্যাশন পৌরসভায় ভোট চলছে
সীমানা জটিলতায় স্থগিত থাকা চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। ১৪ জানুয়ারি নির্বাচন কমিশন এই দুই পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করে।
গত ৩০ ডিসেম্বর চাঁদপুরের অন্য পৌরসভাগুলোয় ভোট হলেও বর্ধিত তিনটি ওয়ার্ডের সীমানা নিয়ে জটিলতায় শাহরাস্তিতে হয়নি।
এ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের হাজী আবদুল লতিফ ও বিএনপির মো. মোস্তফা কামাল দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আর দলীয় প্রতীক ছাড়া কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাহরাস্তি পৌরসভায় ভোটার ২৬ হাজার ৩৮ জন।
পৌরসভার ১২টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটের কথা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান।
“কোথাও কোনো গোলযোগের খবর নেই। বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।”
অন্যদিকে ভোলার চরফ্যাশনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের বাদল কৃষ্ণ দেবনাথ ও বিএনপির আমিরুল ইসলাম মিন্টিজ।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ভোটের লড়াইয়ে আছেন।
চরফ্যাশন পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৩৩১ জন। কেন্দ্র ১৪ টি।
এই পৌরসভায়ও ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু’ ভোটের খবর জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা মো. হেলাল উদ্দিন।
