২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলাচল শুরু

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঢাল দিয়ে ওঠার সময় সারবাহী ট্রেনের বগির সংযোগ ছিঁড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 09:19 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মো. শাখাওয়াৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইন মেরামতের পর রোববার রাত পৌনে ৮টা থেকে ট্রেন চলাচল শুর হয়।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে পার্বতীপুর স্পেশাল ট্রেনের দুটি বগির সংযোগ ছিঁড়ে যাওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে রেল চলাচল বন্ধ হয়েছে।

তিনি বলেন, সংযোগ হুক ছিড়ে দুটি বগি প্রায় তিন কিলোমিটার পেছনে চলে যায়। এ সময় বগিগুলোর চাকার ঘর্ষণে এক কিলোমিটার পথের কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণ বসে গেছে।

“রেলপথের ওই অংশ মেরামতের পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।”

ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে পার্বতীপুর স্পেশাল সার নিয়ে যাওয়ার সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিলা এলাকার একটি স্থানে (ঢাকা থেকে ২৯৭ কিলোমিটার) পেছনের দুটি বগির সংযোগ ছিঁড়ে যায়। এরপর বগি দুটি তিন কিলোমিটার পেছনে গিয়ে থামে।

শ্রীমঙ্গল গণপূর্ত (রেল) ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আলী আজম বলেন, “আসলে এ পাহাড়ে বেশ কয়েকটি উঁচু টিলা রয়েছে। তেলবাহী ট্যাংকার ও সারবাহী ট্রেন এ টিলা অতিক্রমের সময় সমস্যায় পড়ে।”

রোববারের ঘটনার পর চট্টগ্রাম ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে ও জয়ন্তিকা সাতগাঁও স্টেশনে আটকা পড়ে।