২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ আনামের বিরুদ্ধে ৩ জেলায় রাষ্ট্রদ্রোহের মামলা

জরুরি অবস্থার সময় যাচাই না করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তিন জেলায় পাঁচটি মামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2016, 07:45 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

রোববার দায়ের হওয়া এসব মামলার মধ্যে নেত্রকোণা ও জামালপুরে একটি করে এবং শরীয়তপুরের আদালতে তিনটি মামলা রয়েছে।

এসব মামলার অভিযোগে বলা হয়েছে, অসাংবিধানিক সরকারকে সহায়তা করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে ‘মিথ্যা’ তথ্য দিয়ে ডেইলি স্টারে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করেন সম্পাদক মাহফুজ আনাম।

তিনি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা উৎখাতের মাধ্যমে স্বৈরাচারী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন।

এগুলোর মধ্যে নেত্রকোণার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলমগীর কবীর শিপনের আদালতে দণ্ডবিধির ১২০ (ক) ও ১২৪ (ক) ধারায় মামলা করেন জেলা জজ আদালতের পিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল।

জিএম খানের আইনজীবী মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলার তদন্তের জন্য নেত্রকোণা মডেল থানার ওসিকে নির্দেশ দিয়ে ১৫ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলেছে।

সেইসঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগটির বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আদালত আদেশ দেয় বলে জানান উজ্জ্বল।

জামালপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দণ্ডবিধির ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামাল আব্দুন নাসের।

বিচারক মাইনউদ্দীন সিদ্দিকী মামলা আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন।

এছাড়া শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মাহফুজ আনামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আমিন কোতোয়াল, বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম মিঠু কোতোয়াল ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মাদবর।

তিনটি মামলাতেই দণ্ডবিধির ৫০১, ৫০২ ও ১২৪(ক) ধারার অভিযোগ আনা হয়েছে বলে একটি মামলার আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া মামলা তিনটি আমলে নিয়ে এর মধ্যে দুই মামলায় মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।”

তবে আদালতে হাজির হওয়ার তারিখের বিষয়ে বিচারক সোমবার আদেশ দেবেন বলে জানান এই আইনজীবী।

সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিবিদকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।  

সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।

তার ওই স্বীকারোক্তির পর আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতারাও ডেইলি স্টার ও পত্রিকাটির সম্পাদকের ওই ভূমিকার সমালোচনায় মুখর হন।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় রাষ্ট্রদ্রোহ মামলায় মাহফুজ আনামকে গ্রেপ্তারের দাবি জানান এবং ইংরেজি এই দৈনিকটি বন্ধের পাশাপাশি মাহফুজ আনামের বিচার দাবি করেন কয়েকজন সংসদ সদস্য।

এঘটনায় বৃহস্পতিবার ঢাকার নয় নম্বর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. মোস্তাফিজুর রহমান দুলাল মহানগর হাকিম আদালতে প্রথম রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

ওই ঘটনায় এর আগে ৯ ফেব্রুয়ারি খুলনা ও লক্ষ্মীপুরে এবং বৃহস্পতিবার গোপালগঞ্জের আদালতে মানহানির তিনটি মামলা হয়।

পুরনো খবর:

মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ