সিলেটে অটোরিকশা শ্রমিকদের ধর্মঘট
‘পুলিশের হয়রানি’ বন্ধের দাবিতে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া জানান, রোববার ভোর ৬টা থেকে জেলার সব সড়কে প্রায় ২০ হাজার অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা বিভিন্ন পয়েন্টে মিছিল ও পথসভা করেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাকারিয়া বলেন, জেলার বিভিন্ন রুটের অটোরিকশার চালকরা প্রতিনিয়তই পুলিশের ‘মিথ্যা’ মামলা, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।
এ বিষয়ে প্রশাসনকে কয়েক দফায় অবহিত করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
ধর্মঘটে যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “মানুষের ভোগান্তির বিষয়ে আমারা অবহিত রয়েছি। প্রশাসনের কছে সাহায্য না পেয়ে নিরুপায় হয়ে আমরা ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।”
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান জাকারিয়া।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন বলেন, “শ্রমিকদের এসব দাবি যৌক্তিক নয়, পুলিশ তাদের হয়রানি করেনি।”
তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
