আশুগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে মহাসড়ক বন্ধ এক ঘণ্টা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা ১১টার দিকের এ ঘটনার জেরে ঢাকা-সিলেট মহাসড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে খাটিহাতা হাইওয়ে থানার ওসি আলমগীর সিদ্দিক জানান।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, মহাসড়কের খড়িয়ালা এলাকায় একটি দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে কথাকাটাকটি হয়।
“এ নিয়ে পরে খড়িয়ালা ও মৈশার গ্রামের লোকজন মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ১টার দিকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।”
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গ্রামবাসীর মধ্যে এখনো উত্তেজনা চলছে জানিয়ে ওসি বলেন, “তারা থেকে থেমে মারামারির চেষ্টা করছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানবাহন চলছে ধীর গতিতে।”
সংঘর্ষের সময় দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
