হিজড়ার পিটুনিতে হাসপাতালে রাবি শিক্ষক
চাঁদা না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে একদল হিজড়া।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড়ে এ ঘটনা ঘটে বলে নগরীর মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান জানান।
আহত মো. কামাল হোসেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় তিন হিজড়াকে আটক করেছে পুলিশ।
কামাল হোসেনের স্ত্রী নীলা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের অক্ট্রয় মোড়ের বাসায় কয়েকজন হিজড়া এসে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে আমার স্বামী তাদেরকে কিছু টাকা দিতে চান।
“কিন্তু তারা পুরো পাঁচ হাজার টাকাই চায়। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় আমার স্বামীকে তারা রাস্তার ওপর ফেলে কিল, ঘুষি মারতে থাকে এবং আমার বাচ্চা কেড়ে নিতে চায়।”
পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর ‘দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার’ সভাপতি মোহনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে এমন অনেকেই আছে যারা আমাদের সদস্য নয়।”
পুলিশ কর্মকর্তা অশোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা দিতে অস্বীকার করায় ওই শিক্ষককে মেরে হাত ভেঙে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন হিজড়াকে আটক করেছে।
