২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরল প্রজাতির ঈগল উদ্ধার

মাগুরায় বিরল প্রজাতির একটি ঈগল উদ্ধার করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

বৃহস্পতিবার বিকালে মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের খর্দ ফুলবাড়ি থেকে উপজেলা নির্বাহী অফিসার মো.শাহীন হোসেন ঈগলটি উদ্ধার করেন।

শাহীন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে দাপ্তরিক কাজে গাড়িতে করে নহাটার দিকে যাচ্ছিলেন তিনি। পথে খর্দফুলবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জটলা দেখে গাড়ি থামান।

এ সময় একদল শিশু পা বাঁধা অবস্থায় ঈগল প্রজাতির বড় একটি পাখি নিয়ে টানা-হেঁচড়া করছিল। স্থানীয়দের সহায়তায় পাখিটিকে উদ্ধার করে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে পাখিটির চিকিৎসা চলছে।

কোন কারণে আঘাত পেয়ে পাখিটি উড়তে পারছে না। সুস্থ হলে তাকে মুক্ত করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “পাখা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য চার ফুট। এর ছাই রঙের পালকের মধ্যে সাদা ডোরাকাটা দাগ রয়েছে।”

মহম্মদপুর উপজেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, “পাখিটি শিকারি ঈগল প্রজাতির। এরা বিল এলাকায় মাছ খেয়ে জীবন ধারণ করে।”

খাবার ও বসবাসের পরিবেশ না থাকায় এ প্রজাতির ঈগল এখন বিলুপ্তির পথে বলে জানান তিনি।

ছবি দেখে এটাকে মেটে মাথা কুড়া ঈগল বলে জানিয়েছেন পাখি পর্যবেক্ষক নাজিমউদ্দিন খান প্রিন্স।