গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
গাজীপুরে গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার স্বামী।
বৃহস্পতিবার সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক।
নিহত রাবেয়া খাতুন (২৩) উপজেলার রৌদ্রপুর এলাকার মো. রবিউল ইসলামের স্ত্রী।
আহত রবিউলকে (২৫) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবিউল ও রাবেয়া হোতাপাড়া এলাকায় একটি কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেলে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাবেয়ার মৃত্যু হয়।
