২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে তিন বাড়িতে ডাকাতি

রাজশাহী নগরীর তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2016, 12:28 PM

Updated : 20 Aug 2022, 11:50 AM

ডাকাতরা ওই পরিবারের লোকজনকে বেঁধে মারধর করে স্বর্ণালংকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে।

বুধবার গভীর রাতে রাজপাড়া থানার ঠাকুরমারায় আকবর আলী, জাফর আলী ও তারেক রহমান বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আকবর আলী বলেন, রাত ৩টার দিকে প্রথমে তার বাড়ির দরজা ভেঙে ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এসময় তাদের মারপিটও করা হয়।

“প্রায় ঘণ্টাব্যাপী লুটপাট চালিয়ে তারা ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।”

তারেক রহমান বলেন, তার বাড়িতে ৩/৪ জন ডাকাত প্রবেশ করে পরিবারের সদস্যদের এলোপাথাড়ি মারপিট শুরু করে।

“ওই সময় ডাকাতরা আশপাশের সব বাড়ির গেট বাইরে থেকে লাগিয়ে দিয়ে সামনে অবস্থান নেয়। এ কারণে তাদের চিৎকারে কেউ ভয়ে বাইরে বের হতে পারেনি।”

রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান খান বলেন, রাত ৩টার দিকে ১২/১৫ জনের একটি ডাকাত দল তিনটি বাড়িতে ডাকাতি করেছে।

ডাকাতরা আকবর আলীর বাড়ি থেকে নগদ অর্থসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। অপর দুই বাড়ির ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে জানান ওসি।

ওসি আরও বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় লোকজন এ ডাকাতির ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।