জ্ঞান ও দক্ষতার সমন্বয়ের কথা বললের শিক্ষমন্ত্রী
নতুন প্রজন্মকে জ্ঞান ও দক্ষতায় বিশ্বমানের হয়ে ওঠার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার দুপুরে খুলনা নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “শুধু জ্ঞান থাকলেই চলবে না, সাথে দক্ষতাও থাকতে হবে। তাহলে আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব।”
শিক্ষকদের বেতন কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচ বছর যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে পাঁচ বছর পর শিক্ষকদের বেতন এক লাখ টাকা হবে।
নগরীর সরকারী মহিলা কলেজের ৭৫ বছর পূর্তিতে হীরক জয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী।
কলেজের অধ্যক্ষ আব্দুল আলীমের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সাংসদ তালুকদার আব্দুল খালেক, সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রমুখ।
১৯৪০ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়। সে সময় সাত জন ছাত্রী নিয়ে কলেজটি যাত্রা শুরু করে। বর্তমানে এতে সাত হাজারের অধিক ছাত্রী রয়েছে।
