২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ব্যবসায়ী হত্যা: এলাকাবাসীর সড়ক অবরোধ

ব্যবসায়ী তরুণ দত্তের খুনিদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2016, 02:24 PM

Updated : 20 Aug 2022, 11:49 AM

বুধবার সকাল ১১টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।

উপজেলা বণিক সমিতি, উপজেলা পূজা উদযাপন পরিষদসহ এলাকার লোকজন এতে অংশ নেন।

মানববন্ধন শেষে অবরোধের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি স্মারকলিপি দেন তারা।

ওসি মোজাম্মেল জানান, অবরোধ চলাকালে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

গত সোমবার ভোরে বাসা থেকে বের হন গোবিন্দগঞ্জ পৌরবাজারের হীরেন্দ্রনাথ দত্তের ছেলে তরুণ দত্ত (৪৫)। সকাল ৯টায় বর্ধণকুঠি এলাকায় তার মস্তকবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে পুলিশ।

পৌর বাজারে তাদের একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে।   

ওইদিন এ ঘটনার প্রতিবাদে ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট করেছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরুণের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বণিক সমিতির সভাপতি নাজমুল হক টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

খুনিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তরুণ দত্তের হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মিতা দত্ত বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।