২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার  

সিরাজগঞ্জে হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2016, 03:51 PM

Updated : 12 Apr 2022, 01:23 AM

সোমবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার হরিনা বাগবাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের হোসেনপুর সারঘাট এলাকার জয়নাল আবেদিনের ছেলে রাশেদুল ইসলাম উজ্জ্বল (৩৮) ও সোবহান হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩৬)।

গত ‍১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের যমুনার তীরে একটি জমি নিয়ে দুপক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের ফলার আঘাতে নিহত হন বাবু।

বাবু (৩০) হোসেনপুর পুঠিয়াবাড়ি এলাকার আকবর আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা আকবর হোসেন মণ্ডল বাদী হয়ে ওই দিন রাতেই ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

ঘটনার পর থেকে উজ্জ্বল ও জহুরুল পলাতক ছিলেন বলে ওসি হাবিবুল জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে হরিনা বাগবাটি এলাকায় জহুরুল ইসলামের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মামলার বরাত দিয়ে ওসি আরও জানান, শহরের হোসেনপুর সারঘাট এলাকার বালু ব্যবসায়ী রাশেদুল ইসলাম উজ্জ্বল যমুনা নদী থেকে বালু উত্তোলন করে পুঠিয়াবাড়ির আবুবক্কারের জমির উপর দিয়ে ট্রাকে করে সেই বালু আনা-নেওয়া করছিল। এ নিয়ে উজ্জল ও আবুবক্কারের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
 

“এর জেরে আবুবক্কারের ভাতিজা বাবুকে একা পেয়ে উজ্জ্বলের লোকজন ধারালো ফলা দিয়ে কুপিয়ে হত্যা করে।”