‘শিশুহত্যা’ পুলিশ আমলে না নেওয়ায় আদালতে মামলা
সুপারি চুরির অজুহাতে শেরপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ঘাড় মটকে হত্যার অভিযোগ পুলিশ আমলে না নেওয়ায় আদালতে মামলা হয়েছে।
নিহত নুরে আলমের (১২) বাবা সদর উপজেলার মুন্সীরচর পূর্বপাড়ার কৃষক গোপন মিয়া বৃহস্পতিবার দুপুরে মামলা করেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান নিয়মিত মামলা রেকর্ড করে ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম আধার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা হিসেবে ঘটনাটি রেকর্ড করায় গোপন মিয়া সাতজনকে আসামি করে আদালতে মামলা করেছেন।
আসামিরা হলেন বাদীর প্রতিবেশী উমেদ আলী (৬৫), তার দুই ছেলে মতি মিয়া (৪৫) ও শেখ মিয়া (৩৭), মতির স্ত্রী মোর্শেদা বেগম (৪০), ছেলে মামুন মিয়া (২৬), মেয়ে মালেকা খাতুন (২০) এবং শেখ মিয়ার স্ত্রী নাসরিন বেগম (২৮)।
গোপন মিয়া আদালতে বলেন, “পূর্বশত্রুতার জের ধরে রোববার সন্ধ্যায় সুপারি চুরির অজুহাতে নুরে আলমকে উমেদ আলীর বাড়ির লোকজন মারধর করে।
“খবর পেয়ে আমি ও আমার স্ত্রী নুরুন্নাহার মতি মিয়ার সুপারি বাগানে গেলে তারা জানায়, নুরে আলম চলে গেছে। কিন্তু সোমবার সকালে পাশের কাঁঠাল গাছে আলমের ঝুলন্ত লাশ পাওয়া যায়।”
এ সময় আলমের ঘাড় মটকানো এবং মুখ ও গলাসহ বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায় বলে গোপন মিয়ার অভিযোগ।
আদালতে সুপারি চুরির অভিযোগটি সাজানো বলে দাবি করেন তিনি।
সদর থানার ওসি মাজহারুল করিম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে। আদালতের আদেশ পেলে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
