২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজন জালিয়াতি: বঙ্গবন্ধু সেতুর স্কেল অপারেটরসহ আটক ৩

ওজন জালিয়াতির অভিযোগে বঙ্গবন্ধু সেতুর এক স্কেল অপারেটরসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 11:47 AM

বৃহস্পতিবার সেতুর ওজন স্কেল থেকে এদের আটক করা হয় বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান।

আটককৃতরা হলেন সেতুর পশ্চিম পাড় ওজন স্কেলের অপারেটর ওসমান গনি, ঠাকুরগাঁও সদর উপজেলার হরিপুর গ্রামের ট্রাক চালক বাবুল হোসেন ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের ট্রাক চালক রাজু হোসেন।

ওসি বলেন, সেতু পারাপারে ২৪ টনের অধিক ওজনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেতুর কিছু অসাধু কর্মকর্তা দীর্ঘদিন ধরে ট্রাক চালকদের কাছ থেকে ঘুষ নিয়ে ২৪ টনের বেশি ওজন পারাপারে সহযোগিতা করে আসছিল।

“পুলিশের সহায়তায় সেতু কর্তৃপক্ষ ওজন স্কেলে দায়িত্বরত কর্মকর্তাদের উপর নজরদারি শুরু করে। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী দুটি ট্রাকে প্রায় ৩৭ টন করে ওজনের মালামাল নিয়ে সেতু পার হওয়ার সময় পুলিশ ট্রাক দুটি আটক করে।”

পরে ট্রাক চালকদের স্বীকারোক্তি অনুসারে সেতুর ওজন স্কেল অপারেটর (পশ্চিম) ওসমান গনিকেও আটক করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।