শ্রীপুরে খননের সময় মাথার খুলি-হাড়গোড় উদ্ধার
মাগুরার শ্রীপুরে নির্মাণ কাজের খননের সময় মাথার খুলি ও হাড়গোড় পাওয়া গেছে, যা মুক্তিযুদ্ধের সময়কার গণকবর বলে ধারণা করছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় শ্রীপুর সদর পাবলিক লাইব্রেরির নতুন ভবন নির্মাণের জন্য মাটি খোড়ার সময় দুটি মাথার খুলি ও হারগোড় পাওয়া যায়।
মুক্তিযোদ্ধারা বলছেন, যেখানে খনন কাজ হচ্ছিল তার পাশেই পাকিস্তানি সেনাদের ক্যাম্প ছিল, যেখানে অনেক মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে নির্যাতন ও হত্যা করা হত।
খুলি ও হাড়গোড় ওই সময় পুঁতে রাখা মৃতদেহের অংশ বিশেষ হতে পারে বলে ধারণা তাদের।
খনন শ্রমিক ইদ্রিস আলী ও বিল্লাল হোসেন জানান, বুধবার সন্ধ্যার একটু আগে মাটি কাটার সময় পাশাপাশি দুটি কবর দেখা যায়। তার ভেতর থেকেই মানুষের মাথার দুটি খুলি ও হাড়গোড়গুলো পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শ্রীপুরের মুক্তিযোদ্ধা আনছার আলী বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের সময় শ্রীপুর গ্রামের বলাই কুন্ডু ও জিতেন্দ্রনাথ কুন্ডুকে ধরে ওই ক্যাম্প নিয়ে যায় পাকিস্তানি সেনারা।
“আমরা শুনেছি নির্যাতনের পর তাদের দুজনকেই হত্যা করা হয়েছিল। তবে তাদের লাশের সন্ধান আজও কেউ পায়নি। হতে পারে এটি তাদের মাথার খুলি।”
স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন সরকার বলেন, “এই জায়গাটি ডোবার মতো ছিল। পরে মাটি দিয়ে ভরাট করা হয়।”
শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী অথবা রাজাকাররা কাউকে ধরে এনে হত্যার পর এখানে মাটি চাপা দিয়েছিল এমন কারো খুলি-হাড়েগোড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত খুলি ও হাড়গোড় মুক্তিযুদ্ধের সময় নিহতদের কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
