ধারালো অস্ত্র ও ইয়াবাসহ মানিকগঞ্জে তিনজন গ্রেপ্তার
মানিকগঞ্জ সদর উপজেলায় ধারালো অস্ত্র, মোটরসাইকেল ও ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার জয়রা এলাকা থেকে গ্রেপ্তার হন জয়রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আমিন (২৪), গোলাম মোস্তফার ছেলে মো. রুস্তম (২৮) ও আলতাব হোসেনের ছেলে রবিন হোসেন (২৩)।
সদর থানার ওসি আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা করছিলেন সুজন, রুস্তম, শাহিন, আমিন ও রবিন।
“তাদের মধ্যে তিনজন জয়রা এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করার সময় বিকেল সাড়ে চারটার দিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।”
গ্রেপ্তার তিনজনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে ওসি জানান।
