পুলিশের পোশাকে ডাকাতি, গ্রেপ্তার ৭
নরসিংদী ও গাজীপুরে পুলিশের পোশাকসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, সোমবার রাতে পলাশ উপজেলার ঘোড়াশাল ও গাজীপুর চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নান্নু মিয়া (৪০), নজরুল ইসলাম (৪৫), দেলোয়ার হোসেন (৫৫), আমির হোসেন (৪৫), শাহীন (২৮), রেজাউল করিম রানা (২৭) ও মোস্তফা (২৪)।
এ সময় তাদের কাছ থেকে চার সেট পুলিশের ইউনিফর্ম, দুটি রিফ্লেক্টিং ভেস্ট ও ডিমসহ ছিনতাই হওয়া পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, গত ৪ জানুয়ারি রাতে বেলাব উপজেলার ওয়ারী থেকে প্রায় সাড়ে তিন হাজার মুরগির ডিমসহ একটি পিকআপ ভ্যান রাজধানীর যাত্রাবাড়ি যাওয়ার সময় সাহেপ্রতাব এলাকায় পুলিশের পোশাক পরা ডাকাত দল গতিরোধ করে।
“পরে তারা ডিমের মালিক, পিকআপের চালক ও হেলপারকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়।”
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, যা জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
পুলিশ কর্মকর্তা বলেন, দায়িত্ব পেয়ে নরসিংদীর ঘোড়াশাল থেকে নান্নু ও নজরুলকে ছিনতাই হওয়া পিকআপ, চার সেট পুলিশের ইউনিফর্ম ও দুটি রিফ্লেক্টিং ভেস্টসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যানুসারে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।
