২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুরের বোর্ডবাজার এলাকায় পোশাক কারখানার আগুনের তীব্রতা কমলেও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিনির্বাপণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 08:22 AM

Updated : 11 Oct 2022, 07:43 PM

নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল আবার বন্ধ হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ‘ম্যাট্রিক্স গামেন্টস’ নামের ওই সোয়েটার কারখানার আট তলা ভবনে আগুন লাগে বলে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোরশেদুল ইসলাম জানান।

ধোঁয়ায় আগুন নেভাতে আসা এলাকার কয়েকজন আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দুপুরে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টঙ্গী, ইপিজেড ও সাভার ফায়ার স্টেশনের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

“আগুনের তীব্রতা কিছুটা কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি।”

কীভাবে ওই কারখানায় আগুন লেগেছে তা জানাতে পারেননি দমকল কর্মকর্তারা।  

এদিকে আগুন লাগার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকার পর চালু হয়ে আবার বন্ধ হয়ে গেছে বলে জানান টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝুঁকি এড়াতে অগ্নিকাণ্ডের আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

নওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাহারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোগড়া বাইপাস থেকে ঢাকামুখী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন চলছে ধীরে ধীরে।

ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন বিকল্প পথে মীরের বাজার ও টঙ্গী হয়ে চলছে বলে জানান তিনি।