সহকর্মীকে ‘উত্ত্যক্ত করায়’ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহিষ্কার
নারী সহকর্মীকে উত্ত্যক্ত করায় কৃষিপ্রযুক্তি বিভাগের এক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
প্রভাষক আমিনুল ইসলামকে সোমবার বহিষ্কার করা হয় বলে জানান উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনুল ইসলাম এক নারী প্রভাষককে বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
“সব বিষয় উল্লেখ করে নারী প্রভাষক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটি তদন্ত করে আমিনুলকে কারণ দর্শানোর নোটিস দেয়।”
নোটিসের জবাব সন্তোষজনক না হওয়ায় কর্তৃপক্ষ প্রভাষক আমিনুল ইসলামকে সাময়িক বহিষ্কার করে বলে উপাচার্য জানান।
আমিনুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
