২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার হল থেকে মেয়রকে বের হতে বলায় পড়ল তালা

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়রকে পরীক্ষার হল থেকে বের হতে বলায় ইউএনওর কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:40 PM

Updated : 11 Oct 2022, 07:42 PM

সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিন সকাল ১০টার দিকে মেয়র এইচএম অহিদুল ইসলাম কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন কেন্দ্র পরিদর্শনে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

মেয়র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পরীক্ষা কেন্দ্রের একজন সদস্য আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবীর ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। কিন্তু ইউএনও আমাদের যে ভাষায়  হল থেকে বেরিয়ে যেতে বলেছেন, তাতে সেখানে অবস্থানরত পরীক্ষার্থীর অভিভাবক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন।”

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলাল হোসেন বলেন, “মেয়রের ছেলে ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মেয়র হলে অবস্থান করলে এ নিয়ে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তাদের কেন্দ্রে না থাকার জন্য অনুরোধ করেছিলাম।”

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ বলেন, “দুপুর ২টার দিকে স্থানীয়দের সাথে প্রশাসনের সমঝোতা হওয়ার পর ইউএনও অফিসের তালা খুলে দেয় বিক্ষুব্ধরা। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ইউএনও জিলাল হোসেন গত ১৭ জানুয়ারি কোটালীপাড়ার দায়িত্বে আসেন।