কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে রাত ১১টা থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর পথনির্দেশক বিকন আলো দেখতে না পাওয়ায় ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের ট্রান্সপোর্ট সুপারিনটেনডেন্ট মোস্তফা কামাল বলেন, কাওড়াকান্দি ঘাটে আনলোড অবস্থায় তিনটি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে এবং মাওয়া ঘাটের শিমুলিয়া যাওয়ার পথে আটকে আছে ফেরি যমুনা, রামশ্রী ও টাপলো।
“তাছাড়া শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটে আসার পথে রো রো ফেরি শাহ আলী মাঝ নদীতে আটকে আছে।”
আবদুস সালাম জানান, এই রুটে বর্তমানে দিন-রাত ২৪ ঘণ্টা ১৫টি ফেরি দিয়ে যানবাহান পার করা হয়। আগে ১৬টি ফেরি চললেও কিছুদিন আগে ফেরি ক্যামেলিয়া মেরামত করার জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে।
কুয়াশা না কাটা পর্যন্ত ফেরি বন্ধ থাকবে বলে তিনি জানান।
