র্যাব পরিচয়ে মাদ্রাসাছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
র্যাব পরিচয়ে কুষ্টিয়া শহরের একটি মাদ্রাসা থেকে এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ছাত্রের বাবা সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের বাসিন্দা আমির হোসেন।
তিনি দাবি করেন, গত বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়িয়া বাজার আশরাফুল উলুম কাওমী মাদ্রাসা থেকে তার ছেলে আবুজার গিফারীকে (২২) র্যাব পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তবে র্যাব বলেছে, ওই মাদ্রাসার কোনো ছাত্রকে আটক বা ধরে নেয়নি তারা।
আবুজার ১০ বছর ধরে আশরাফুল উলুম কাওমী মাদ্রাসায় লেখপাড়া করছে। সে বর্তমানে তাকমীল (দাওরাই হাদিস) শেষ বর্ষের ছাত্র।
চুয়াডাঙ্গা সদর থানা জামে মসজিদের ইমাম আমির হোসেন বলেন, “গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে চারজন সাদা পোশাকধারী লোক মাদ্রাসায় এসে আবুজারকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো- গ-১৩-৭২৬৭) করে তুলে নিয়ে যায়। কুষ্টিয়া র্যাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয়, র্যাব ওই মাদ্রাসা থেকে কাউকে আটক করে নিয়ে আসেনি।”
এ ঘটনায় কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে মঙ্গলবাড়িয়া বাজার আশরাফুল উলুম কাওমী মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ বলেন, “আবুজার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল কি না, জানি না। তবে, যারা তাকে নিয়ে গেছে; তারা আবুজারের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোনের সিম পেয়েছিল।”
কুষ্টিয়া মডেল থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। পুলিশ তাকে ধরে আনেনি। কারা তাকে নিয়ে গেছে তা এখনও জানা যায়নি।
কুষ্টিয়া র্যাব-১২ ক্যাম্প কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মজিদ বলেন, “নিখোঁজ ছেলেটির ব্যাপারে তার পরিবারের লোকজন আমাদের কাছে এসেছিল। আমারা তাদের বলেছি, আমরা ওই মাদ্রাসায় কোনো অভিযান চালাইনি।”
