‘র্যাগিং’: শাবির পাঁচ ছাত্র বহিষ্কার
এক ছাত্রীকে ‘র্যাগিংয়ের’ দায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয় বলে প্রক্টর কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এরা হলেন গণিত বিভাগের মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, অসীম বিশ্বাস ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোশারফ হোসেন রাজু।
প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গণিত বিভাগের এক ছাত্রীকে ‘র্যাগিংয়ে’ জড়িত থাকার বিষয়টি প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতে এই পাঁচ ছাত্রকে বহিষ্কারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
“সুপারিশ অনুযায়ী রোববার দুপুরে উপাচার্য তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেন।”
এছাড়া ‘র্যাগিংয়ের’ ঘটনা অধিকতর তদন্তে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই পাঁচ ছাত্রের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ দিকে ‘র্যাগিংয়ের’ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার সকালে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‘ভালবাসি শাবিপ্রবি, ঘৃণা করি র্যাগিং’; ‘র্যাগিংয়ের নামে নিপীড়ক কীভাবে ছাত্র হয়’; ‘নির্যাতনকারীদের আজীবন বহিষ্কার চাই’ এ ধরনের বিভিন্ন ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা।
