মেয়েকে খুঁটিতে বেঁধে রেখে ট্রেনের নিচে ‘আত্মহত্যা’
দিনাজপুরে ছয়-সাত মাসের মেয়েকে খুঁটিতে বেঁধে রেখে এক মা ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত পারুল আকতার (২৫) বোচাগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকার গরু ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী।
দিনাজপুর জিআরপি থানার এসআই জিয়াউল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাঞ্চন রেল স্টেশনের কাছে পারুল তার ছয়-সাত মাসের মেয়েকে একটি খুঁটিতে বেঁধে রেখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
