কুড়িগ্রামে অপহৃত শিশু পঞ্চগড়ে উদ্ধার
কুড়িগ্রাম থেকে অপহরণের তিন দিন পর এক শিশুকে পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় বলে কুড়িগ্রাম সদর থানার এসআই এমএ ফারুক জানিয়েছেন।
উদ্ধার হওয়া ফাইম ইসলাম (৭) কুড়িগ্রাম সদরের মহেন্দ্র নারায়ণ গ্রামের একরামুল হকের ছেলে।
এ ঘটনায় জড়িত অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার হলপাড়ার পরেশ চন্দ্র রায়ের ছেলে পল্লব চন্দ্র রায়কে (২৫) আটক করা হয়েছে।
ফাইমের বাবা একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার তার বাড়িতে বেড়াতে আসেন পূর্বপরিচিত পল্লব। ওই দিন ফাইমকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে তেঁতুলিয়া নিয়ে যান তিনি।
“বুধবার দুপুরে পল্লব আমার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ধরলা ব্রিজের পূর্ব পাশে যেতে বলেন।”
মুক্তিপণের টাকা নিয়ে গেলেও কাউকে না পেয়ে ফিরে আসার পর রাতেই সদর থানায় অপহরণের অভিযোগ করেন তিনি।
এসআই ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একরামুলের অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার ভোরে তেঁতুলিয়ার মমিনপাড়ায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে ফাইমকে উদ্ধার করা হয় এবং পল্লবকে আটক করা হয়।
ফাইমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পল্লবকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
