দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে একটি বাস খাদে পড়ে অন্তত ১৭ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার সন্ধ্যায় পুটিয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আ. রশিদ জানিয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় আহত পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে; বাকিরা দাউদকান্দির গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের পুটিয়া এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীসেবার বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জসিম উদ্দিন প্রধানের নেতৃত্বে একটি দল গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে জোৎস্না বেগম (৩৮), রুনি (১৪), জুয়েল (৩৭), মকবুল হোসেন (৪০) ও মোবারক (২৮) নামে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে গৌরীপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিনূর আলম সুমন জানিয়েছেন।
আহতদের মধ্যে নয় জন গৌরীপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।
এরা হলেন- কবিমন (৭০), শাহজাহান (৩৮), হাসান (৪২), সামসুদ্দিন (৩৫), আবুল কাশেম (৪৫), সাইফুল ইসলাম (৪১), হাসিব জামান (৬ মাস), মো. আলী (৩৫) ও মনিরুজ্জামান (৩৫)।
এছাড়া গুরুতর আরও তিন জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান।
তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এখনো কোনো যাত্রী মারা যায়নি। তবে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।”
