২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনা পোশাকসহ বাবা-ছেলে আটক

খাগড়াছড়ি সদর উপজেলায় অস্ত্র ও ভারতীয় সেনাবাহিনীর পোশাকসহ স্থানীয় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও তার ছেলেকে আটক করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 03:00 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শুক্রবার ভোরে সেনাবাহিনী এ অভিযান চালায় বলে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জি টু আই মেজর নাছির উল হাসান জানান।

আটকরা হলেন- নুনছড়ির কালিবন্ধু ত্রিপুরা (৪৫) ও তার ছেলে যতন কুমার ত্রিপুরা (২৭)। কালিবন্ধু ত্রিপুরা খাগড়াছড়ি ১ নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য।

মেজর নাছির জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে তাদের নুনছড়ির বাড়ি থেকে আটক করা হয়।

“বাবা ও ছেলের কাছে থাকা দুটি বন্দুক, তিনটি গুলি, ভারতীয় সেনাবাহিনীর ‘কমব্যাট পোশাক’ ও বেশকিছু ভারতীয় রুপি উদ্বার করা হয়।”

তাদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর নাছির।

আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সদর থানার ওসি সামছু উদ্দীন ভুইয়া।