ঠাণ্ডা ও কুয়াশায় ক্ষতিগ্রস্ত কৃষক
কয়েকদিনের কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশায় মানুষের দুর্ভোগের পাশাপাশি চাষাবাদেও ক্ষতিকর প্রভাব পড়ছে।
কুয়াশা অব্যাহত থাকলে রবিশস্য উৎপাদনে ক্ষতির আশংকা করছেন নরসিংদীর কৃষকরা ।
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের ওসমান মিয়া বলেন, শীতে বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বোরো রোপনে বিলম্ব হচ্ছে।
এতে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশংকা রয়েছে। এছাড়া অতি ঠাণ্ডায় উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান
তিনি।
একই এলাকার কৃষক লোকমান মিয়া জানান, মাত্রাতিরিক্ত শীতে লাউ, শিম, লাল শাক, পালং শাকসহ উঠতি সবজির ব্যাপক ক্ষতি হচ্ছে।
“শীতে নষ্ট হয়ে যাওয়া সবজি বাজারে বিক্রি হচ্ছে না। ভাইরাসে আক্রান্ত সবজি দেখে ক্রেতারা মুখ ফিরিয়ে নেয়।”
রায়পুরা উপজেলার হাসনাবাদ গ্রামের কৃষক গফুর মিয়া জানান, পোকার আক্রমণে তার জমির রবি ফসল সরিষা নষ্ট হয়ে গেছে।
নরসিংদী কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক লতাফত হোসেন বলেন, জেলায় এবছর ৫৫ হাজার হেক্টর জমিতে বোরো, প্রায় আড়াইহাজার হেক্টর জমিতে শিম এবং ১০ হাজার হেক্টর জমিতে সবজি আবাদ করা হয়েছে ।
“প্রচণ্ড শীতে বোরো রোপনে কিছুটা ব্যাঘাত হলেও পরিবেশ অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে কোনো অসুবিধা হবে না।”
