খাদ্য পরিদর্শককে ৫ বছর সশ্রম কারাদণ্ড
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়া মাদারীপুরের এক খাদ্য পরিদর্শককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
মো. সিরাজুলকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১৫ হাজার টাকা জরিমানা করেন জজ আদালতের স্পেশাল জজ এএসএম জহুরুল ইসলাম। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাস সশ্রম কারাভোগ করতে হবে।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক মো. মনিরুজ্জামান খান বৃহস্পতিবার এক প্রেসনোটে জানান, মাদারীপুর সদর উপজেলার খাদ্য পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় হাতেনাতে ধরা পড়েন সিরাজুল।
এ ব্যাপারে ২০০৯ সালের ২৫ নভেম্বর মাদারীপুর থানায় একটি মামলাটি করেন তৎকালীন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক রাম মোহন নাথ।
প্রেসনোটে জানানো হয়, ভুক্তভোগীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাকে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় গ্রেপ্তার করে জেল হাজাতে দেওয়া হয়েছিল।
এ মামলার অপর দুই আসামি মাদারীপুর সদর খাদ্যগুদামের দারোয়ান রূপকুমার বাড়ৈ ও চরমুগুরিয়া খাদ্যগুদামের সহকারী উপ-খাদ্য পরিদর্শক মজিবুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে বলেও প্রেসনোটে জানানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন দুদকের পিপি গোলাম মোস্তফা বাবলু।
