ঘরে ঢুকে খ্রিস্টান দম্পতিকে মারধর, টাকা ও মোবাইল লুট
নাটোরের বনপাড়া পৌরসভায় ঘরে ঢুকে খ্রিস্টান দম্পতিকে মারধর করে টাকা ও মোবাইল লুট করে অচেতন অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে জ্ঞান ফিরে পান বেসরকারি সংস্থা কারিতাসের সাবেক আঞ্চলিক পরিচালক গাব্রিয়েল কস্তা (৭১) ও তার স্ত্রী বীণা পিরিচ (৬৫)।
তাদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দম্পতির কালিকাপুর এলাকার বাসায় বুধবার রাত ১২টার দিকে একদল লোক আত্মীয় পরিচয়ে ডাকাডাকি করে।
গাব্রিয়েল তাদের চিনতে না পারায় দরজা খোলেননি। পরে ছয়-সাতজন দুর্বৃত্ত টয়লেটের দরজা দিয়ে ভিতরে ঢোকে। টয়লেটের দরজা খোলা ছিল কি না তা নিশ্চিত করে বলতে পারেননি গাব্রিয়েল। পুলিশ পরিদর্শনের সময় দরজা অক্ষত দেখেছে।
“দুর্বৃত্তরা তাদের মারপিট করে ১৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান,” পরিদর্শক বলেন।
হাসপাতালের স্বত্বাধিকারী চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের শরীরে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া তাদের উপর চেতনানাশক প্রয়োগ করা হয়ে থাকতে পারে। বয়সের কারণেও তারা ভয়ে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন।
তাদের এক ছেলে ও এক মেয়ে রাজশাহী থাকেন।
এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে পরিদর্শক এমরান জানিয়েছেন।
