২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী সিপিবি সভাপতি নাসের মারা গেছেন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজশাহী জেলা সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের অধ্যাপক আবু নাসের আর নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 03:07 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে আবু নাসেরের (৬২) মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। খ্যাতিমান কবি মোহাম্মদ রফিক অধ্যাপক নাসেরের বড় ভাই।

তার মৃত্যুতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ শোক জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের নির্ধারিত মিটিং ছিল। আবু নাসের নিজের চেম্বার থেকে বের হয়ে রুমের দরজায় তালা লাগাচ্ছিলেন সভায় যাওয়ার জন্য।

“এ সময় তিনি হঠাৎ পড়ে যান। শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আবু নাসের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৮৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

তার গ্রামের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের চিতলী বৈতপুর এলাকায়। রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকার অক্ট্রয় মোড়ে পরিবার নিয়ে তিনি একটি ভাড়া বাসায় থাকতেন।

বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক নাসেরের মরদেহ নেওয়া হয় নগরীর জিরো পয়েন্টে। সেখানে জানাজার পর নাগরিক সমাজের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

গ্রামের বাড়ি বাগেরহাট সদরের বৈতপুরে তাকে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

অধ্যাপক নাসেরের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে বলে জানান অধ্যাপক রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বাগেরহাট জেলা সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল এক বিবৃতিতে অধ্যাপক নাসেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।