২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোড়া ঘরে প্রতিবন্ধীর শিকলবাঁধা দগ্ধ লাশ

মাদারীপুর সদরে আগুনে ভস্মীভূত একটি ঝুপড়ি ঘর থেকে কোমরে শিকলবাঁধা এক মানসিক প্রতিবন্ধীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:09 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

নিহত ইউসুফ আলী মাতুব্বর (৪৭) সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বীরাঙ্গল গ্রামের মৃত আমিমুদ্দিন মাতুব্বরের ছেলে।

ভোররাতে দক্ষিণ বীরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান ধুরাইল ইউনিয়ন পরিষদের সদস্য আইয়ুব আলী।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আইয়ুব আলী বলেন, তিন দিন আগে গ্রামের একটি খোলা জায়গায় বাঁশ, পাটখড়ির বেড়া ও টিন দিয়ে একটি ঘর তোলেন নিহত ইউসুফের ভাই মাদারীপুর শহরের বাসিন্দা দুদুমিয়া মাতুব্বর।

ভোররাত ৪টার দিকে ওই ঘরে আগুন ধরে। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে আগুন নেভায় বলে জানান তিনি।

“কিন্তু এর আগে দুদু মিয়ার মানসিক ভারসাম্যহীন ভাই ইউসুফ আলী দগ্ধ হয়ে মারা গেছেন।”

নিহত ইউসুফের কোমড়ে শিকল বাঁধা ছিল বলে জানান আইয়ুব আলী।

তাকে কে শিকল পরিয়েছে, কিংবা কারা ঘরে আগুন দিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, নিহত ইউসুফ মাননিসক রোগী। তিনি এলাকায় সবার কাছে পাগল হিসেবে পরিচিত ছিলেন। এই ঘটনায় কারা জড়িত থাকতে পারে, সেটি পুলিশ খতিয়ে দেখা হচ্ছে।