২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিস্টল ফার্মাকে ২০ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাত করায় গাজীপুরের ব্রিস্টল ফার্মা লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 01:04 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

র‌্যাব-১-এর উপ-সহকারী পরিচালক মহিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকেলে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ব্রিস্টলের কারখানায় র‌্যাব অভিযান চালায়

“এ সময় অনুমোদনহীন ওষুধ সেফিক্সিম-২০০, সেফোটক, সেফোরেট-৫০০, সেফাডিন ৫ মিলি, সেফরাডিন ৫০০ ক্যাপ, ফ্লুক্লক্সাসিলিন ৫০০ মিলিগ্রামসহ পেনিসিলিন ও সেফালোস্প্রেরিন জাতীয় ওষুধ উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।”

এই অপরাধে একটি ভ্রাম্যমাণ আদালত কারখানার সহকারী ব্যবস্থাপক বিশ্বজিৎ দাসকে ১০ লাখ এবং মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক মো. রবিউল হাসানকে ১০ লাখ টাকা জরিমানা করে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

এ সময় ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এটিএম গোলাম কিবরিয়া ও গাজীপুরের ওষুধ পরিদর্শক মো. ফজলুল হক উপস্থিত ছিলেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা।