নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত
নারায়ণগঞ্জ শহরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বাবা ও মা।
বুধবার সন্ধ্যায় শহরের চাষাঢ়া এবিসি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন জানান।
নিহত তাবাসসুম ফারিহা (৪) বেসরকারি সংস্থা আশার নারায়ণগঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর মিলনের মেয়ে। নগরীর ইসদাইর বাজার এলাকায় সপিরবারে ভাড়া থাকেন মিলন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
এসআই জিয়া বলেন, চাষাঢ়া এবিসি স্কুলের সামনে চালভর্তি ট্রাক হঠাৎ রাস্তার উপর ঘুরে গেলে পাশাপাশি যাওয়া চলন্ত মোটরসাইকেলের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী তাবাসসুম ফারিহা ট্রাকের নিচে পড়ে।
“তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে তার মা সাথী। আর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়েছে তার বাবা মিলন।”
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার এলাকাবাসি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভায় বলে জানান এসআই।
