সাভারে সোয়েটার কারখানায় ‘চুরি’
ঢাকার সাভারে একটি সোয়েটার কারখানায় কয়েকলাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকার ‘হেসং কোরিয়া লিমিটেডে’ এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, “ডাকাতির খবর পেয়ে আমি কারখানা পরিদর্শনে গিয়েছিলাম। তবে সেখানে ডাকাতি নয়, চুরি হয়েছে।”
এক নিরাপত্তাকর্মী তার সহযোগীদের নিয়ে কারখানায় ঢুকে সুতা চুরি করে নিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে কারখানা কর্তৃপক্ষ এটিকে ডাকাতির ঘটনা বলে দাবি করছে।
হেসং কোরিয়া লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কারখানার মো. রাকিব নামের এক নিরাপত্তাকর্মী এ ‘ডাকাতির’ ঘটনার সঙ্গে জড়িত।
ঘটনার পর থেকে রাকিব পলাতক রয়েছেন বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে কারখানায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন ইএনআই সিকিউরিটির নিরাপত্তাকর্মী মো. রাকিব, আব্দুর রাজ্জাক ও কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মী পনির।
“রাতে রাজ্জাক ও পনির কারখানার সামনে রাকিবকে রেখে খাবার খেতে যান। এ সময় রাকিবের সহযোগিতায় ডাকাতরা কারখানার ভিতরে প্রবেশ করে।
“পরে রাজ্জাক ও পনিরের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে কারখানার একটি ফ্লোরের তালা ভেঙ্গে গার্মেন্টস জন্য মজুত রাখা সোয়েটার তৈরির সুতা ও ড্রয়ার ভেঙে নগদ ২০ হাজার টাকা লুট করে তারা”
লুটে নেওয়া সুতার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে জানান জাহাঙ্গীর আলম।
