নিখোঁজের ৬ দিন পর যুবকের লাশ
নিখোঁজের ছয় দিনের মাথায় ঢাকার দোহার থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শেখ আব্দুর রহিম (৩০) উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শেখ আলমের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর এলাকার পদ্মার নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয় বলে জানান দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রহিম। সকালে স্থানীয়রা পদ্মা নদীতে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ‘লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না।’
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
