খালেদা জিয়া পাকিস্তানিদের মতো বকছেন: ইনু
বঙ্গবন্ধু ও একাত্তরের শহীদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানিদের মতো আবোলতাবোল বকছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের মতো বঙ্গবন্ধু, একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আবোলতাবোল বকছেন এবং অপমান করছেন।
“আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়।”
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”
তার এ বক্তব্যের প্রেক্ষিতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামে এক আইনজীবী।
এ ঘটনাকে ‘প্রতিহিংসা’ থেকে রাষ্ট্রদ্রোহের মামলা ‘করিয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইনু আরও বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আবোলতাবোল বকেন তাহলে উনার জায়গা হবে পাগলা গারদে, আর না হলে আদালতের বারান্দায়।”
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার পক্ষে বিএনপি নেতারা ‘সাফাই গাইছেন’ বলে দাবি করেন ইনু।
মামলা হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তথ্য সরকারি পর্যায়ে না থাকায় তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না।
“আমি মনে করি, এটা তার (খালেদা) অত্যন্ত সময়পোযোগী বক্তব্য, কেননা দীর্ঘ ৪২ বছরেও আমরা শুধু মুখের কথা বলি ৩০ লাখ শহীদ হয়েছেন, কিন্তু তাদের সঠিক ঠিকানা-তথ্য আমাদের কাছে নাই, এটি একটি জাতির জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য লজ্জাকর।”
