২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

গাজীপুরের পূবাইলে বয়লার বিস্ফোরণে ছয়জন নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 12:10 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

পূবাইল পুলিশ ক্যাম্পের এএসআই গোলাম সারোয়ার বাদী হয়ে কারখানার মালিকসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলাটি করেন।

তবে এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

তিন আসামি হলেন কারখানার মালিক গাজীপুরের বসুগাঁও পশ্চিমপাড়া এলাকার ইছহাক হাওলাদারের ছেলে মো. ইমান উদ্দিন (৪৭), কারখানার ব্যবস্থাপক মো. শাহীন (৩৫) ও জমির মালিক গাজীপুরের বড় কয়ের এলাকার বাছেদ বেপারী (৬৫)।

মামলার বাদী এএসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের পরিবার থেকে কেউ মামলা করতে আগ্রহী না হওয়ায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাদী হয়ে রোববার গভীর রাতে মামলাটি করেন।

তবে মামলার খবরটি পাওয়া যায় সোমবার সন্ধ্যায়। সোমবার সারাদিন পুলিশ মামলার কথা জানায়নি।

জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূবাইলে প্রায় দেড় বছর আগে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ নামে একটি কারখানা গড়ে ওঠে।

এখানে পুরনো টায়ার জ্বালিয়ে একধরনের জ্বালানি তেল ও কালি তৈরি করে আলাদা বিক্রি করা হত। এছাড়া টায়ারের ভিতরে থাকা জিআই তারও বিক্রি করা হতো।

কারখানাটির সামনে টিনের বেড়া আর পিছনে ইটের দেয়াল ছিল।

শনিবার বিকেলে কারখানার বয়লার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় অগ্নিগদ্ধ হন পথচারীসহ কারখানার কয়েকজন শ্রমিক। এতে ঘটনাস্থলেই ৫ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, সরকারি অনুমোদন ব্যতীত এবং সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অভিজ্ঞতাহীন আসামিরা কারখানাটি শুরু করেন। যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে ও প্রাণহানি হবে জেনেও আসামিরা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিলেন।

বিস্ফোরণের সময় একটি গাড়ি পুড়ে আরও প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে ওসি জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।