বিএসএফের ‘রাবার বুলেটে’ বাংলাদেশি আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফের ‘রাবার বুলেটে’ এক বাংলাদেশি আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার গোলাম মর্তুজা।
আহত আজিজুল হক (৩৩) ওই এলাকার হাসেন আলীর ছেলে।
ঘটনার পর আজিজুল পালিয়ে গিয়ে রংপুর শহরে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে তার স্বজনরা জানান।
আজিজুলের বাবা হোসেন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৯৩১ এর সাব পিলার ৩ এর পাশের নো ম্যান্স ল্যান্ড এলাকায় ভারতীয়রা কয়েকজন বাংলাদেশির কাছে গরু হস্তান্তর করছিল।
“এ সময় ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে পর পর তিন রাউন্ড রাবার বুলেট ছুড়লে আজিজুল গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় সে পালিয়ে আসে।”
গ্রেপ্তার এড়াতে তিনি তার ছেলের অবস্থান জানাতে রাজি হননি।
বিজিবি কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, সকালে আজিজুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে গরু আনতে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ‘রাবার বুলেট’ ছোড়ে।
এতে আজিজুল ছাড়া আরও কেউ আহত হয়েছে কিনা তা খোঁজ-খবর করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ঘটনার পর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
