২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবুতর পালন করে স্বাবলম্বী

যশোরের শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে কবুতর পালন করে কয়েকশ যুবক স্বাবলম্বী হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 02:03 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

তাদের দেখাদেখি হাজারও যুবক প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জাতের কবুতর পালন করছে বলে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।

বিভিন্ন দোকান, শো রুম ও ফেসবুকের মাধ্যমে চলছে এসব কবুতর কেনাবেচার। প্রতি জোড়া কবুতরের দাম দুই হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত আছে।

শখের বসে এবং বাণিজ্যিকভাবে কবুতর পালনে আগ্রহী হওয়ায় এলাকায় এখন কবুতর পালনকারী ও ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে।  

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অল্প পুঁজি ও স্বল্প জায়গা নিয়ে কবুতর পালন করা যায়।

“কবুতর পালন এখন লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় ৩৭০ জন যুবক বাণিজ্যিকভাবে অন্তত ২০ জাতের কবুতর পালন করছেন।

“এখানে দেশি কবুতরের পাশাপাশি বিভিন্ন বিদেশি জাতের অন্তত আট হাজার ডিমপাড়া কবুতর রয়েছে।”

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পালিশ আউল, মুক্কি, বিউটি ডোমার, নান, শটফেজ, নাল প্রভৃতি বিদেশি জাতের কবুতরের দাম প্রতি জোড়া ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হয়।

দেশি উন্নত প্রজাতির লক্ষা, গ্রীবাজ, লোটন, সিরাজী, ময়ূরী, জিলানী, পরশ, শোয়া, চন্দন, ক্যাপটান, র‌্যান, রান, বাজরিকা, মনিরা, কালদম, কিং ও সিলভার সিরাজী জাতের প্রতি জোড়া কবুতরের দাম দুই হাজার টাকা থেকে ছয় হাজার টাকা পর্যন্ত হয়।

শার্শার যাদবপুর গ্রামের মাহফুজুর রহমান মন্টু দুবছর আগে দশ হাজার টাকার কবুতর কিনে পেশা শুরু করেন।

এখন তার খামারটি উপজেলার সবচেয়ে বড় কবুতরের খামার। সরজমিনে দেখা যায় সেখানে ৮০টি বড় খাঁচায় বিদেশি জাতের তিনশ কবুতর পালন করা হচ্ছে।

মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সখের বসে এই পেশায় আসার পর আজ আমার মূলধন দাঁড়িয়েছে দশ লাখ টাকায়। বিদেশি জাতের প্রতিটি কবুতর ২১ দিনের মাথায় দুটি করে ডিম দেয়। এই ডিম থেকে দেশি কবুতরের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়।

অন্য অনেক ব্যবসার চেয়ে এই ব্যবসা লাভজনক বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “স্মার্ট ফোনের মাধ্যমে ছবি তুলে ফেসবুকে দিয়ে বেচাবিক্রি করি। এতে ক্রেতা ও লাভ দুটিই ভালো পাওয়া যায়।”

শার্শার পান্তাপাড়া গ্রামের সাহেব আলি বলেন, লক্ষা, গ্রীবাজ, লোটন, সিরাজী, ময়ূরী ও সিলভার সিরাজী জাতের ৫০টি কবুতর রয়েছে আমার খামারে। দেশি সাধারণ জাতের চেয়ে এসব কবুতরের দামও অনেক বেশি। চাহিদাও রয়েছে।

বিদেশি জাতের এইসব কবুতর সংগ্রহ করতে বিভিন্ন জেলা থেকে পাখিপ্রেমীরা আসেন বলে জানান তিনি।

“সখের বশে দুশ টাকা পুঁজি নিয়ে কবুতর পালন শুরু করলেও আজ আমার খামারে প্রায় দুই লাখ টাকার কবুতর রয়েছে।

“প্রতিটি মেয়ে কবুতর বছরে অন্তত ২০টি বাচ্চা দেয়। রোগ বালাই কম হওয়ায় এদের পেছনে খরচও কম। তাই এটি একটি লাভজনক ব্যবসা।”

এক জোড়া মাত্র দেশি কবুতর কিনে তিন বছর আগে এই পেশায় আসেন শার্শার শ্যামলাগাছি গ্রামের সোহাগ হোসেন।

তিনি বলেন, তার খামারে এখন বিভিন্ন প্রজাতির দেড়শ কবুতর রয়েছে। প্রতি জোড়া লক্ষা, সোয়া চন্দন ও গ্রীবাজ কবুতর বিক্রি হচ্ছে ২ থেকে ৩ হাজার টাকায়। লোটন, সিরাজী, ময়ূরী ও সিলভার সিরাজীর দাম প্রতি জোড়া ৪ থেকে ৫ হাজার টাকা।

“দেশি প্রজাতির সাধারণ কবুতরের দাম কম, আর সব জায়গায় পাওয়া যায় বলে দেশি ও বিদেশি উন্নত জাতের কবুতরের খামার গড়েছি। এতে বছরে অন্তত ৫ লাখ টাকার কবুতর বিক্রি করতে পারি,” বলেন তিনি।

বেনাপোলের কবুতর ব্যবসায়ী সুজন আলী ও নাভারনের আরসাদ আলী বলেন, কবুতরের বেচাবিক্রি ভালো। এটি একটি লাভবান ব্যবসা। প্রতিজোড়া দেশি কবুতর বিক্রি হয় দুশ টাকায়। তবে বিদেশি পালিশ আউল ও মুক্কি জাতের কবুতরের দাম সবচেয়ে বেশি।

পালিশ আউল ও মুক্কি জাতের প্রতি জোড়া কবুতরের দাম দেড় থেকে দুলাখ টাকা, জার্মানির বিউটি ডোমার ও নাল জাতের কবুতর ৪০ থেকে ৬০ হাজার টাকা এবং শর্টফেজ প্রতিজোড়া ২০ হাজার টাকা বলে জানান তারা।