শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
জমি নিয়ে বিরোধে ঝিনাইদহের শৈলকুপায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা থানার ওসি তোজাম্মেল হক।
আহতদের মধ্যে পুলিশ সদস্য ছাড়া অন্যদের নাম জানা যায়নি। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি তোজাম্মেল বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল মাখন শেখ ও তোবারক শেখের মধ্যে।
“রোববার মাখন শেখের লোকজন বিরোধপূর্ণ ওই জমির কলাগাছ কেটে দেয়। ওই ঘটনায় সোমবার সকালে সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”
পুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয় বলে জানান তিনি।
