সিলেট বিভাগে আ.লীগের ১০ বিদ্রোহী মেয়র প্রার্থী বহিষ্কার
দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সিলেট বিভাগে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের ১০ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে যারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করেন, রোববার দুপুরে তাদের বিষয়ে ঢাকায় কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সাথে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, দুই সপ্তার মধ্যে তার কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সাময়িক বহিষ্কৃতরা হলেন গোলাপগঞ্জ পৌরসভার সিরাজুল জব্বার চৌধুরী, কানাইঘাটের নিজাম উদ্দিন আল মিজান, জকিগঞ্জের ফারুক আহমদ, কুলাউড়ার শফি আলম ইউনুস মহালদার, বড়লেখার আবদুন নূর, কমলগঞ্জের জাকারিয়া হাবিব বিপ্লব, ছাতকের আবদুল ওয়াহিদ মজনু, জগন্নাথপুরের শাহ নূরুল করিম, হবিগঞ্জের মিজানুর রহমান মিজান ও শায়েস্তাগঞ্জের আতাউর রহমান মাসুক।
