মুন্সীগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ড
মুন্সীগঞ্জ সদর উপজেলায় এক গ্যারেজে আগুন লেগে তিনটি মাইক্রোবাস পুড়ে গেছে।
রোববার ভোরে উপজেলা সদরের সিপাহিপাড়ায় এ অগ্নিকাণ্ডে একটি রিকশার গ্যারেজ ও দুটি দোকানও পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, অগ্নিকাণ্ডে গাড়ির গ্যারেজ, একটি রিকশার গ্যারেজ, একটি লেপতোষকের দোকান ও একটি খাবার হোটেল পুড়ে গেছে।
এ সময় গ্যারেজে থাকা তিনটি মাইক্রোবাসও পুড়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
গ্যারেজের মালিক রনি শেখ বলেন, গ্যারেজে তিনটি মাইক্রোবাস ছাড়াও গার্মেন্টেসের কাজে ব্যবহৃত ছয়টি মেশিন ছিল সব পুড়ে গেছে।
কেউ শত্রুতামূলকভাবে গ্যারেজে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ করেন তিনি।
