লবণের ট্রাকে ইয়াবা, চালক ও হেলপার আটক
কুমিল্লার চান্দিনায় একটি লবণের ট্রাক থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ট্রাক চালক ও তার সহকারীকে।
রোববার দুপুরে চান্দিনার তীরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার এবং তাদের আটক করা হয় বলে জানান ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন কক্সবাজার টেকনাফের মুচুলীপাড়া গ্রামের নজির আহমদের ছেলে ট্রাক চালক ইয়াকুব আলী (৩১) ও তার সহকারী মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামের দলিলুর রহমানের ছেলে আব্দুল কাদের (২৪)।
এসআই মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে দুপুরে তীরচর এলাকায় ঢাকাগামী লবণ বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা উদ্ধার এবং ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
