কর্মবিরতিতে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা
সরকারি বেতন স্কেল ও চাকরি নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে বেতন-ভাতা নির্ধারণের দাবিতে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
এতে জরুরি চিকিৎসা ছাড়া সকল চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে।
শনিবার থেকে এই কর্মবিরতি শুরু হলেও রোববার দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এই কর্মসূচির ঘোষণা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. লিয়াকত আলী জানান, চিকিৎসকদের একটি নির্দিষ্ট অংকের বেতন ছাড়া আর কোনো খাতেই একটি টাকাও দেওয়া হয় না।
দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. আলতাফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, সরকার ঘোষিত বেতন স্কেল ও চাকরি নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ একটি বেতন কাঠামো ও নীতিমালা প্রণয়নের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইতিপূর্বে লিখিতভাবে বার বার দাবি জানানো হয়েছে।
“কিন্তু কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কর্মবিরতি পালন করতে হচ্ছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডা. আফসার আলী, ডা. সাইদুর রহমান চৌধুরী, ডা. ইসতিয়াক চৌধুরী প্রমুখ।
