রিকশা চালককে হত্যা, কক্সবাজারে আটক ৩
কক্সবাজার সদর উপজেলায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই করার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রিকশা চালক মো. ফারুক (৩৫) পশ্চিম পোকখালী এলাকার ওবাইদুল হকের ছেলে।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত ১২টার দিকে তিন তরুণ ইসলামপুর এলাকায় রিকশা বিক্রি করতে গেলে স্থানীয়রা সন্দেহবশত তাদের পুলিশে দেয়।
তারা হলেন কক্সবাজার সদর উপজেলার নতুন বাজার এলাকার আবুল কালামের ছেলে আজহারুল ইসলাম (১৮), বান্দরবানের আলীকদম উপজেলার ছত্রপাড়ার সৌরং ত্রিপুরার ছেলে দানেল ত্রিপুরা (২০) ও একই এলাকার বালাহ ত্রিপুরার ছেলে ত্রিদিব ত্রিপুরা (১৮)।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা রিকশা ছিনতাই এবং এর চালক ফারুককে হত্যার কথা স্বীকার করে।
“পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পোকখালী হাইস্কুলের উত্তর পাশের একটি ডোবা থেকে ফারুকের মৃতদেহ উদ্ধার করা হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এসআই জানান।
