২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগকর্মী খুন: ১০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

সিলেটে ছাত্রলীগকর্মী কাজী হাবিবুর রহমান হাবিব হত্যায় জড়িত অভিযোগে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 02:02 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন- হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, ময়নুল ইসলাম রুমেল, বশির আহমদ তুহিন, নাহিদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।

১০ ছাত্রকে বহিষ্কারের পাশাপাশি এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Image
নিহত হাবিব

নিহত হাবিব

তদন্তের স্বার্থে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে বলে রেজিস্ট্রার জানান। তবে শনিবার থেকে ভর্তি ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, শামসি বেগম,  অধ্যাপক মো: ইউনুস, বিজিত চৌধুরী, মোহাম্মদ রুহুল আমীন ও রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজের সংগঠনের কর্মীদের হামলায় আহত হন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হাবিব।

রাত পৌনে ১২টায় নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় বুধবার দুপুরে নিহতের বড়ভাই কাজী জাকির হোসেন বাদী হয়ে ১১ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।