২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয় মেলেনি পোড়া ২ লাশের  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই যুবকের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও নিহতদের পরিচয় মেলেনি এখনও। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই আলতাফ হোসেন এই হত্যা মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার উপজেলার কাটাখালি ব্রিজের কাছে একটি গম ক্ষেত থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, আনুমানিক ২২ থেকে ২৫ বছর বয়সী দুই যুবককে অন্য কোনো এলাকা থেকে ধরে এনে দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে আগুন কিংবা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে তাদের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়।

ওসি মোজাম্মেল বলেন, লাশ উদ্ধারের পর একদিন পার হয়ে গেলেও নিহতদের পরিচয় বা এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। থানা বা মর্গে কেউ খোঁজ করেননি। 

“তাদের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ সদর দপ্তর, সিআইডি ও এসবিসহ

দেশের সকল থানায় যোগাযোগ করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।”

তাদের পরিচয় উদঘাটন করা সম্ভব না হলে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের জন্য গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হবে বলে জানান ওসি।

পুরনো খবর:

গোবিন্দগঞ্জে দুই যুবকের পোড়া লাশ উদ্ধার